মেদিনীপুর শহরের ব্যস্ততম রাস্তায় মহিলার উপর অ্যাসিড হামলা

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২৭ জুন: জেলা শহর মেদিনীপুরের ব্যস্ততম রাস্তায় মহিলার উপর অ্যাসিড হামলা করল দুষ্কৃতিরা। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অ্যাসিড হামলায় গুরুতর জখম হলেন এক মহিলা এবং তাঁর সহকর্মী মহিলা।

মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে অরবিন্দ স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। আহত দুই মহিলাকে মেদনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর একজনকে ছেড়ে দেওয়া হলেও, গুরুতর জখম ওই মহিলা চিকিৎসাধীন আছেন। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।

জানা যায়, বছর ৪০’র ওই মহিলার বাড়ি মেদিনীপুর শহরের বড়বাজার সংলগ্ন এলাকায়। শহরের এক চিকিৎসকের চেম্বারে তিনি সহকারী হিসাবে কাজ করেন। তাঁর সঙ্গে থাকা অপর মহিলাও (বক্সীবাজারের বাসিন্দা) সেখানেই কাজ করেন। মহিলার দাবি, রবিবার রাত ৯টা ১৫মিনিট নাগাদ শহরের রবীন্দ্রনগর এলাকা থেকে তিনি ও তাঁর সহকর্মী হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। এমন সময় হঠাৎ দুই যুবক স্কুটি করে এসে তাঁর গায়ে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। তাঁর পিঠে ও দুই হাতে সরাসরি অ্যাসিড গিয়ে লাগে। তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। সামান্য আহত হন তাঁর সঙ্গে থাকা সহকর্মীও। ঘটনাস্থলের সামনেই তৃণমূল কার্যালয়ে ছিলেন কর্মীরা। তাঁরা তড়িঘড়ি মহিলাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন মহিলা। কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

ওই মহিলার স্বামী কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে এদিন রাত দশটা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে জানান। তিনি এও জানান, “আমাদেরই এক প্রতিবেশী যুবক এই কাণ্ড ঘটিয়েছে! ওর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *