আমাদের ভারত, হাওড়া, ২৭ জুলাই: লজেন্স দেওয়ার নাম করে প্রতিবেশী ৭ বছরের শিশুকে ডেকে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তের নাম সালাম শেখ (৬৫)। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে উত্তাল হয়ে উঠল ডোমজুড়ের বাঁকড়া এলাকা। উত্তেজিত জনতা অভিযুক্তের দোকান বাড়ি ভাঙ্গচুর করে বাড়িতে থাকা আসবাবপত্র রাস্তায় বের করে নিয়ে এসে তাতে আগুন ধরিয়ে দেয়। বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, সালাম শেখ এলাকায় সালাম বাবা নামে পরিচিত। দীর্ঘদিন ধরেই মানুষের নানা সমস্যা সমাধানে সে মাদুলি তাবিজ কবজ বিক্রি করত। অভিযোগ, গত শুক্রবার বিকেলে প্রতিবেশী ৭ বছরের শিশুকে লজেন্স দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে যায়। তার উপর যৌন নির্যাতন করে বলে অভিযোগ শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে তার মা-বাবা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায় এবং সেখানেই যৌন নির্যাতনের বিষয়টি স্পষ্ট হয়। এরপর এই শিশুটির পরিবারের পক্ষ থেকে বাকড়া তদন্ত কেন্দ্রে অভিযোগ জানানো হয়।
এদিকে মঙ্গলবার সকালে এলাকায় বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা অভিযুক্তের দোকান বাড়ি ভাঙ্গচুর করে। বাড়ির ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র রাস্তায় বের করে আগুন ধরিয়ে দেয়। যদিও এর মাঝে অভিযুক্ত সালাম শেখ স্বপরিবারে এলাকা থেকে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও এই অভিযুক্তের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উঠেছিল। এদিন তারা অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করে।

