আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ এপ্রিল:
সংবাদ মাধ্যমে চাকরি দেওয়ার নাম করে দীর্ঘ দিন ধরে এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠল দেবু দেবনাথ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার সোদপুর ঘোলা থানা এলাকার। দেবু দেবনাথ নিজেকে সাংবাদিক বলে দাবি করে। যদিও দেবু দেবনাথ গোবরডাঙ্গা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, অত্যাচারের অভিযোগে মছলন্দপুর থানায় মামলা করেন তাঁর স্ত্রী। তারপর থেকেই ফেরার ছিল দেবু।
পুলিশ সূত্রের খবর, ঘোলা থানার বাসিন্দা এক যুবতীকে সংবাদ মাধ্যমে মোটা টাকার মাইনের চাকরি দেওয়ার নাম করে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। ওই যুবতী পরে জানতে পারে দেবু দেবনাথ সামান্য একটি ইউটিব চ্যানেল খুলে টাকার বিনিময়ে সংবাদ প্রচার করে। এরপরই ওই যুবতী ঘোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার রাতে পুলিশ দেবু দেবনাথকে তার ডেরা থেকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, দেবু দেবনাথ মছলন্দপুর এলাকায় দীর্ঘ দিন ধরে সাংবাদিকের পরিচয় দিয়ে তোলা তুলতেন। এছাড়া সংবাদ মাধ্যমের আই কার্ড বিক্রি করাই তার একমাত্র কাজ ছিল। এমনকী সাংবাদিক পরিচয় দিয়ে বেশ কিছু দোকান থেকে কম্পিউটার, টিভি সহ বিভিন্ন নামি দাবি আসবাবপত্র বাকি নেওয়ার অভিযোগ আছে। এই সবের প্রতিবাদ করায় তাঁর নিজের স্ত্রীকে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করত। এরপর তাঁর স্ত্রী মছলন্দপুর থানায় দেবুর বিরুদ্ধে অভিযোগ দ্বায়ের করেন। সেই থেকেই দেবু দেবনাথ এলাকা ছেড়ে পালিয়ে গা ঢাকা দেয়। পুলিশ অনেক দিন ধরে তাঁর তল্লাশি চালাচ্ছিল। বুধবার দেবুকে আদালতে তোলা হয়।

