সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ আগস্ট: ভুয়ো টিকাকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছে ফেক আইএএস দেবাঞ্জন দেব। দুদিন কাটতে না কাটতেই পুলিশের জালে ফেক আইপিএস। এবার পুলিশের জালে ফেক হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার। পুলিশ জানিয়েছে ধৃতের নাম আকাশ দাস। তিনি রাজীপুরের বাসিন্দা হলেও ভাড়া থাকতেন উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার শেরপুর এলাকায়। অভিযোগ পেয়ে পুলিশ ভুয়ো হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার আকাশ দাসকে গ্রেফতার করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আকাশ দাস দীর্ঘ দিন ধরে নিজেকে বারাসত হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার বলে দাবি করতেন এবং বিভিন্ন মানুষের কাছ থেকে স্বাস্থ্য সাথী কার্ড, প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার নাম করে প্রচুর টাকা আদায় করতেন। রবিবার সকালে পুলিশ হাতে নাতে ধরে ফেলে অভিযুক্ত আকাশ দাসকে। পুলিশ জানিয়েছে, অশোকনগর, হাবড়া, আমডাঙ্গা থেকে বেশকিছু প্রতিবন্ধী পরিবারের কাছ থেকে প্রতিবন্ধী সার্টিফিকেট করিয়ে দেওয়ার নাম করে প্রচুর টাকা নিয়ে প্রতারণা করেছেন। টাকা নিয়েই নিখোঁজ হয়ে যেত সে। নিজের মোবাইলের সিমকার্ড পাল্টে ফেলত। এদিন বেশ কয়েকজন প্রতারিত তার শেরপুরের ভাড়া বাড়িতে তাকে খুঁজে পায়। এরপর অশোকনগর থানার পুলিশের হাতে তুলে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

