আমাদের ভারত, হাওড়া, ২৫ ডিসেম্বর: জুয়া খেলাকে কেন্দ্র করে বচসা। আর তার জেরে এলাকায় বোমাবাজি করার অভিযোগে শুক্রবার রাতে বাগনান থানার পুলিশ আমতার গাজীপুর থেকে বুলবুল মোল্লা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করল। ধৃতকে শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, দিন কয়েক আগে বাগনানের নওপাড়া এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র কেন্দ্র দু’পক্ষের মধ্যে বচসা বাধে। সূত্রের খবর, সেই সময় বিষয়টি মিটে গেলেও বুলবুল পরে দেখে নেওয়ার হুমকি দিয়ে এলাকা থেকে চলে যায়। অভিযোগ, শুক্রবার রাতে বুলবুল তার দলবল নিয়ে নওপাড়া এলাকায় গিয়ে ব্যাপক বোমাবাজি করে পরে এলাকা থেকে পালিয়ে যায়। এদিকে এলাকায় বোমাবাজির খবর পেয়ে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌছালে স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানাতে থাকে তারা। পরে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে আমতার গাজীপুর থেকে বুলবুল মোল্লাকে গ্রেফতার করে।

