বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, রায়গঞ্জে গ্রেপ্তার ছেলে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ জুন: বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের চন্ডীতলা এলাকায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম তারাশঙ্কর ভট্টাচার্য। তিনি একজন বিশিষ্ট সমাজসেবী এবং ক্রীড়া ও সংস্কৃতি জগতের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। তাঁর এধরনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রায়গঞ্জ শহরে। এই ঘটনায় তারাশঙ্কর বাবুর ছেলে রাজর্ষি ভট্টাচার্যকে গেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, রায়গঞ্জের বিশিষ্ট সমাজসেবী, জেলা ব্যাডমিন্টন এ্যাসোসিয়েশনের সম্পাদক, রায়গঞ্জের নন্দন ফুলমেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক তারাশংকর ভট্টাচার্য শহরে গুনীজন হিসাবেই পরিচিত ছিলেন। তাঁর এই মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ সকলেই। জানা গিয়েছে, গত রবিবার রাতে বাড়িতেই তারাশঙ্কর বাবুকে বেধড়ক মারধর করে ছেলে রাজর্ষি। খবর পেয়ে রায়গঞ্জ থেকে তারাশঙ্কর বাবুর মেয়ে ও নাতি বাড়িতে গেলে তাদেরকেও মারধর করা হয়। তারাশঙ্কর বাবু ও তাঁর মেয়েকে ভর্তি করা হয় রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে। মঙ্গলবার দুপুরে হাসপাতালেই মৃত্যু হয় তারাশঙ্কর বাবুর। এই ঘটনায় ছেলে রাজর্ষিকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

পরিবারসূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিল রাজর্ষি। এর আগেও বেশ কয়েকবার বাবাকে মারধর করেছিল সে। এই ঘটনায় রাজর্ষির কঠোর শাস্তির দাবি তুলেছেন পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *