আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ এপ্রিল: এক সপ্তাহ হয়ে গিয়েছে জলপাইগুড়ি শহরে দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনার। সুইসাইড নোটে এই মৃত্যুর জন্য দায়ী প্রভাবশালী এক তৃণমূল নেতা সহ চারজনের নাম প্রকাশ্যে এসেছে। থানায় অভিযোগ করার পরেও কেন গ্রেফতার হচ্ছেন না অভিযুক্তরা তার প্রতিবাদ জানিয়ে শুক্রবার রাস্তায় নামলো জেলা কংগ্রেস। এ দিন কংগ্রেসের নেতা কর্মীরা থানায় এসে ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন।
কংগ্রেসের জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন,
“প্রশাসনের প্রতি মানুষের আস্থা নেই। শহরে দম্পতির মৃত্যুর ঘটনায় যাদের নাম উঠে এসেছে সবাই বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অভিযুক্তরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ালেও পুলিশ কিছুই করছে না। আজ আইসি’র মাধ্যমে পুলিশ সুপারকে অভিযোগ জানালাম। পুলিশের প্রতি ভরসা নেই, আগামীতে আমরা অন্য চিন্তাভাবনা করবো।”

জলপাইগুড়ি যুব তৃণমূলের জেলা সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, “দম্পতির মৃত্যুর ঘটনায় সুইসাইড নোট প্রাক্তন ভাইস চেয়ারম্যান অর্পণা ভট্টাচার্যের নয়। আজ জেলা কংগ্রেস থানায় গিয়েছে দম্পতির মৃত্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। যে সুইসাইড নোটকে কেন্দ্র করে তারা বলছেন সেই সুইসাইড নোট অর্পনা ভট্টাচার্যের লেখা নয়। বিজেপির রাজ্য স্তরের দুই নেতা এগুলো করাচ্ছেন। আসলে সামনেই পঞ্চায়েত ভোট, তাই আমাকে নির্বাচনের বাইরে কিভাবে রাখা যায় সেই চক্রান্ত করছে কংগ্রেস, বিজেপি ও সিপিএম। আমিও নিরপেক্ষ তদন্ত চাইছি। অন্যদিকে নাম না করে জেলা কংগ্রেস সভাপতিকে আক্রমণ করলেন সৈকত চট্টোপাধ্যায়।”

