গাইঘাটায় ছাত্রী ধর্ষণ কান্ডে গ্রেফতার অভিযুক্ত

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ জুলাই: টিউশান পড়ে বাড়ি ফেরার পথে পাটক্ষেতে নিয়ে গিয়ে হাত মুখ বেঁধে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত স্বপন সরকার। এরপর পুলিশ তদন্তে নেমে বুধবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, নির্যাতিতা একাদশ শ্রেণির ছাত্রী। সোমবার রাতে টিউশান পড়ে সাইকেল চালিয়ে রাত ন’টা নাগাদ বাড়ি ফিরছিল ওই ছাত্রী। বাড়ি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা মাঠের পাশে ওই ছাত্রীর সাইকেল আটকে দেয় স্বপন। এরপর ছাত্রীর কাছে ফোন নম্বর চায়। ফোন নম্বর দিতে অস্বীকার করে ছাত্রী। এরপর তার হাত ধরে জোড় করে পাট ক্ষেতে নিয়ে যায়। সেখানে মুখে রুমাল দিয়ে বেঁধে মারধর করে ধর্ষণ করে বলে অভিযোগ।

ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্ত স্বপন এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ তল্লাশি চালিয়ে স্বপনকে চাঁদপাড়া থেকে গ্রেফতার করে। ধৃতকে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *