রোজ ঘটছে দুর্ঘটনা, প্রতিবাদে রাস্তা অবরোধ চাকুলিয়ায়

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৭ আগস্ট : বেহাল রাস্তায় নিত্যদিন ঘটে চলেছে দুর্ঘটনা, জখম হচ্ছেন বহু মানুষ। তাই চলাফেরা করার অযোগ্য রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বাজার এলাকায়। সাধারন মানুষের পথ অবরোধের জেরে বন্ধ কানকি-চাকুলিয়া রাজ্য সড়ক। অবরোধকারীদের দাবি, ঘটনাস্থলে এসে চাকুলিয়ার বিডিও এই ভাঙ্গাচোরা রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তাদের অবরোধ চলতে থাকবে। ঘটনাস্থলে পৌঁছেছে চাকুলিয়া থানার পুলিশ।

চাকুলিয়া থেকে একদিকে কানকি এবং অপরদিকে শকুন্তলা হয়ে করনদিঘী যাওয়ার একমাত্র রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা হয়ে রয়েছে চাকুলিয়া বাজার এলাকায়। রাস্তায় বড় বড় খানাখন্দ, তার উপর বৃষ্টির জল জমে রাস্তাটি একেবারে ভেঙ্গেচুরে গিয়েছে। প্রতিদিনই এই রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন নিত্যযাত্রী থেকে সাধারন মানুষ। ছোট লরি থেকে টোটো এবং অটো বৃষ্টির জলে ভরা খানাখন্দ বুঝতে না পারায় রাস্তার মধ্যেই উলটে দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ। শুক্রবারও সকাল থেকে চাকুলিয়া বাজার এলাকার খানাখন্দে ভরা রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে তিনটি গাড়ি। আহত হন নিত্যযাত্রীরা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকুলিয়া বাজার এলাকার স্থানীয় বাসিন্দারা। ভাঙ্গাচোরা রাস্তার উপর বাঁশ দিয়ে ব্যারিকেড করে পথ অবরোধ আন্দোলনে শামিল হন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানে বিধায়ক রয়েছেন, জেলাপরিষদের সদস্য রয়েছেন অথচ এই রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ নেই। বারবার আবেদন করা সত্বেও দীর্ঘদিন ধরে ভাঙ্গাচোরা রাস্তা সংস্কারের আবেদন করলেও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে শুক্রবার চাকুলিয়া-কানকি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *