“নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত খুন?” মাল নদীর দুর্ঘটনায় প্রশ্ন তুলে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ৬ অক্টোবর: এটা কি নিছকই কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন? হ্যাঁ দশমীর রাতে মাল নদীতে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা নিয়ে মালবাজার পৌরসভার বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। টুইটারে তিনি এই ঘটনাকে পরোক্ষে খুন বলেই সরব হয়ে দোষীদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন।

নিজের টুইটার হ্যাণ্ডেলে বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন, “এটা কি নিছকই কোনো দুর্ঘটনা? নাকি পরিকল্পিত খুন? বালি ও পাথর মাফিয়াদের সাহায্য করতে মালবাজার পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে তৈরি হয়েছিল কৃত্রিম বাঁধ। সেই কারণে মৃত্যু হল এতগুলো প্রাণের। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের গ্রেপ্তার ও মালবাজার পৌরসভার চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

সুকান্ত মজুমদারের আরও অভিযোগ, বিপদ হতে পারে এই পূর্ভাভাস থাকা সত্ত্বেও সরকার আগাম কোনো ব্যবস্থাই নেয়নি। দুর্ঘটনা ঘটতে পারে এরকম আশঙ্কা রাজ্য সরকারের কাছে ছিল, কিন্তু তা সত্বেও কোনো সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি জানিয়েছেন, স্থানীয় সাংসদ জয়ন্ত রায়, মন্ত্রী জন বার্লা সেখানে আছেন। এছাড়াও শুক্রবার বিজেপির একটি বিশেষ টিম এলাকায় গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখবে ও ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করবে।

প্রসঙ্গত, মাল নদীতে ভাসানে এখনো পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে বলে খবর। বিগত কুড়ি বছরে এরকম ঘটনার নজির নেই জানিয়ে দায় এড়িয়ে গেছে স্থানীয় প্রশাসন। এই ঘটনার পর বড় ঘাটে নিরাপত্তার জন্য কাউকে নামতে দেওয়া হবে না জলে। জেসিবির সাহায্যে বিসর্জন চলবে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।

গতকাল বিসর্জন দেখতে হাজারের উপর মানুষ এসেছিল ঘাটে। হঠাৎ করে জল বেড়ে যায় ও প্রায় ত্রিশ জন জলের গতিতে ভেসে যায়। আটজনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে, সকলের মৃতদেহ উদ্ধার করা হয়। এনডিআরএফ তল্লাশি চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *