সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ফেব্রুয়ারি: বেড়াতে বেড়িয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারালো বাইক আরোহী দুই যুবক।গতকাল রাতে জয়পুর থানার তাঁতিপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় দুই যুবককে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার বিবরণে জানাগেছে, বিষ্ণুপুর শহরের ছয় যুবক বাইকে করে জয়পুর বেড়াতে বেড়িয়ে সন্ধ্যার পর বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তাঁতিপুকুর এলাকায় উল্টোদিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলে ধাক্কা মারে। পিকআপ ভ্যানের ধাক্কায় দুজনই মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে।
পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী গুরুতর জখম হয়। তাদের বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মোটর সাইকেল আরোহী দুই যুবক বাপন মিদ্যা ও অভিজিৎ কর্মকারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

