এজেন্সির অধীনে কর্মরত অস্থায়ী কর্মীদের বিক্ষোভে উত্তাল রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক ব্লক

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ ডিসেম্বর: এজেন্সির অধীনে কর্মরত অস্থায়ী কর্মীদের বিক্ষোভে উত্তাল রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক ব্লক। অধ্যক্ষকে তালা বন্দি করে বিক্ষোভ শুরু করেন তারা। বুধবার সন্ধ্যায় এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় মেডিক্যালের অ্যাকাডেমিক ব্লক চত্বরে।

জানা গিয়েছে, মেডিক্যাল কলেজে নতুন কর্মী ঠিকাদার এজেন্সি নিয়োগ হওয়ায় পুরনো কর্মীদের কাজ আর থাকছে না। নিয়োগ হবে নতুন কর্মী। আর এই বিষয়টি জানাজানি হতেই রায়গঞ্জের আব্দুলঘাটায় অবস্থিত মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক ব্লকে তারা বিক্ষোভ দেখান। অধ্যক্ষের ঘরে তালা বন্ধ করে চলে আন্দোলন। ৯৬ জন অস্থায়ী কর্মীকে ছাটাইয়ের বিষয়ে অবগত করা হয়েছে। যাদের মধ্যে বেশীরভাগই রয়েছেন নিরাপত্তা রক্ষী ও হাউস কিপিং। এরা কোভিডের সময় থেকে কাজ করে আসছে। আচমকা এই নির্দেশিকা আসায় বিপাকে পড়েছেন তারা। কারণ এই কাজের উপরে নির্ভর করেই চলছে প্রত্যেকের সংসার। এই পরিস্থিতিতে হঠাৎ করেই নতুন এজেন্সি দায়িত্বভার গ্রহণ করায় তাদের ছাটাই করা হয়েছে। তাদের জায়গায় নতুন করে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ। তাই পুনর্বহালের দাবিতে সরব হয়েছেন তারা। সেই সঙ্গে তাদের কর্মক্ষেত্রে সুনিশ্চয়তার দাবিও জানিয়েছেন তারা।

এ বিষয়ে অধ্যক্ষ কৌশিক সমাজদার বলেন, ওই ৯৬ জন অস্থায়ী কর্মী ঠিকা এজেন্সির অধীনে কাজ করছেন। এখানে স্বাস্থ্য দফতর বা মেডিক্যাল কলেজের কোনো ভূমিকা নেই। বরং এদের কাজ চলে যাওয়া অনুচিত৷ অনেকদিন ধরেই কাজ করছেন। বিষয়টি নতুন দায়িত্বপ্রাপ্ত এজেন্সিকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *