নীতি বদলালেই হল না কতটা ছাত্রছাত্রীদের ভাল হচ্ছে সেটাও বিবেচ্য, দাবি এবিভিপির রাজ্য সম্পাদক সুরঞ্জনের

আমাদের ভারত, ৮ এপ্রিল: “রাজ্য অনুযায়ী নীতি বদলে গেলেই হল না। খেয়াল রাখতে হবে কতটা ছাত্রছাত্রীদের ভাল হচ্ছে।” পশ্চিমবঙ্গে কেন্দ্রের পাল্টা নিজস্ব শিক্ষানীতির ঘোষণায় শুক্রবার এই মন্তব্য করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) রাজ্য সম্পাদক (দক্ষিণবঙ্গ) সুরঞ্জন সরকার। তিনি বলেন, “জাতীয় শিক্ষানীতিতে প্রচুর ছেলেমেয়েদের দেশ জুড়ে সুবিধা হয়েছে। নানা রাজ্যের ভাষাকে এই ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে, আঞ্চলিক ভাষা কিংবা সংস্কৃতিকে যোগ করেছে এই শিক্ষানীতি, সুন্দর ভাবনা চিন্তা করে এটিকে কার্যকরী করে তোলা হয়েছে, কাজেই আমরা অবশ্যই জাতীয় শিক্ষা নীতিকেই সমর্থন করব।”

রাজ্য শিক্ষানীতির কমিটিতে রয়েছেন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত বেশ কিছু পরিচিত নাম। তার মধ্যে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা প্রাক্তন সাংসদ সুগত বসু, এনআইআইটি দুর্গাপুরের অধ্যাপক অনুপম বসু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, অধ্যাপক নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়।  আগামী দুই মাসের মধ্যেই রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কমিটির সদস্যদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *