আমাদের ভারত, ১৮ ফেব্রুয়ারি: তামিলনাড়ুতে লাবণ্য হত্যার বিচারের দাবি এবং ধৃত প্রতিবাদী নেত্রীর মুক্তির দাবিতে শুক্রবার পদযাত্রা করে অখিল ভারতীয় বিদার্থী পরিষদের (এবিভিপি) সমর্থকরা।
এবিভিপি-র প্রচার-প্রধান (দক্ষিণবঙ্গ প্রান্ত) গোবিন্দ দাস জানান, “তামিলনাড়ুতে লাবণ্য হত্যার বিচার চেয়ে এবং রাষ্ট্রীয় সাধারণ সম্পাদিকা সুশ্রী নিধি ত্রিপাঠীর মুক্তির দাবিতে, স্বামীজীর বাড়ির সামনে থেকে স্কটিশ চার্চ কলেজ পর্যন্ত পদযাত্রা ও অবস্থান-বিক্ষোভ কর্মসূচি হয়।“
প্রসঙ্গত, সম্প্রতি জোর করে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তর করার জন্য তামিলনাড়ুতে আত্মঘাতী হয় দ্বাদশ শ্রেণির পড়ুয়া লাবণ্য। লাবণ্য থাঞ্জাভুরের বাসিন্দা। জোর করে তাকে ধর্মান্তর করার জন্য সে আত্মহত্যা করার চেষ্টা করে। থাঞ্জাভুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসায় কোনও সাড়া দেয়নি। এর পর প্রতিবাদ শুরু হয়েছে নানা স্থানে।এবিভিপির ওপর স্ট্যালিন সরকারের বর্বরোচিত আক্রমনের প্রতিবাদে এবিভিপি রায়গঞ্জ শাখা বুধবার বিক্ষোভ দেখায়। আজ কলকাতায় স্বামীজীর বাড়ির সামনে থেকে স্কটিশ চার্চ কলেজ পর্যন্ত পদযাত্রা ও অবস্থান-বিক্ষোভ কর্মসূচি হয়।

