সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ মে: ভোট গণনার পরের দিন থেকেই রাজ্য সহ বিভিন্ন জেলাতেই একের পর এক বিজেপি নেতা কর্মীদের বাড়ি ভাঙ্গচুরের সঙ্গে খুন, ধর্ষণ বাড়ি ভাঙ্গচুর ও খুনের হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাদ পড়ল না উত্তর ২৪ পরগনার এবিভিপির সহ সভাপতি উৎপল রায়ের বাড়ি সহ পরিবারের লোকজনও। বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে বারাসত ৬ নম্বর ওয়ার্ডের কানাপুকুর অঞ্চলে। অভিযোগ, এবিভিপি করার অপরাধে তাঁর বাড়ি ভাঙ্গচুর ও বাড়ির সদস্যদের মারধর করেছে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

স্থানীয় সূত্রের খবর, এদিন রাত সাড়ে ন’টা নাগাদ হঠাতই স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ির ভিতরে ঢুকে পড়ে। বাড়ির সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই উৎপলের দাদাকে মারধর করা শুরু করে। তার বাবা মা বাধা দিতে গেলে তাদেরও বেধড়ক মারধর করে বলে অভিযোগ। উৎপলকে খুজতে ঘরের মধ্যে ঢুকে পড়ে বেশ কয়েকজন। এরপর ঘরে ঢুকে ভাঙ্গচুর
চালায়।

উৎপলবাবু জানিয়েছেন, এদিন রাতে স্থানীয় তৃণমূলের, সুকুমার, সমীর দাস, কনক অধিকারী, সঞ্জীব অধিকারী, সীমান্ত অধিকারী, বাপি প্রামানিক, অজয় অধিকারী এছাড়াও শতাধিক তৃণমূল দুষ্কৃতীরা। হঠাৎই আমার খোঁজ করতে এসে এই ভাবে হামলা চালায়। আমার বৃদ্ধ মা বাবা ও দাদাকে মারধর করে। উৎপলবাবু বলেন, বাংলায় কী কোনও বিরোধী দল থাকবে না। একেরপর এক বিজেপি কর্মী সমর্থকদের খুন করছে, মহিলাদের ঘর থেকে টেনে বের করে ধর্ষণ করে খুন করছে তৃণমূল। এছাড়া বাড়ি ভাঙ্গচুর, জমি দখল সহ জমির ফসল নষ্ট করে দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

