রামপুরহাট হত্যাকান্ডে উচ্চস্তরীয় তদন্তের দাবি এবিভিপি-র

আমাদের ভারত, ২৩ মার্চ: রামপুরহাট নৃশংস হত্যা কান্ডে উচ্চস্তরীয় তদন্তের দাবি করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।

এক বিবৃতিতে বুধবার সংগঠনের দক্ষিণবঙ্গ রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্য জানিয়েছেন, “নির্বাচন পরবর্তী সময় থেকে সারা বাংলার মানুষ দেখেছে নৃশংস হত্যালীলা। আমাদের সাধের সোনার বাংলা আজ বারুদের স্তুপে পরিণত হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্হিতি ক্রমশ খারাপ থেকে খারাপতর হচ্ছে।

গত এক সপ্তাহে ২৪ জন মানুষকে পশ্চিমবঙ্গের মাটিতে নৃশংসভাবে খুন করা হয়েছে। নৃশংসতার চরমতম নিদর্শন সদ্য ঘটে যাওয়া রামপুরহাট হত্যাকান্ড। বীরভূমে শাসকদলের পঞ্চায়েত উপপ্রধান খুনের ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে রামপুরহাট। উপপ্রধান খুনের ঘটনায় তৃণমূলের দুষ্কৃতিরা এলাকায় তান্ডব চালিয়ে সন্দেহের বশবর্তী হয়ে গ্রামের কয়েকটি বাড়িতে রাতের অন্ধকারে বাইরে থেকে শিকল লাগিয়ে দাহ্যবস্তু দিয়ে আগুন লাগিয়ে দেয়, দুই শিশু ও দশজন সাধারন মহিলা অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান।

এই ধরনের ঘটনার এবিভিপি তীব্র নিন্দা জানায় এবং এই ঘটনার কেন্দ্রীয় স্বাধীন নিরপেক্ষ তদন্ত সংস্থার দ্বারা প্রকৃত তদন্তের মাধ্যমে নৃশংস ঘটনাতে জড়িত ব্যক্তিদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করে ও রাজ্যপাল মহোদয়ের সরাসরি হস্তক্ষেপের দাবিও এবিভিপি জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *