আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিগ্রহের ঘটনার সমালোচনা এবিভিপি’র

আমাদের ভারত, ৩ এপ্রিল: আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিগ্রহের ঘটনার সমালোচনা করল অখিল ভারত বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।

রবিবার সংগঠনের দক্ষিণবঙ্গ প্রান্ত রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্য জানান, “তৃণমূল সরকারের আমলে শিক্ষক-শিক্ষিকা নিগ্রহের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শিক্ষক হচ্ছেন সমাজ গড়ার কারিগর। একজন ভালো মানুষ গড়ে ওঠার পিছনে একজন শিক্ষকের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই শিক্ষক সমাজের উপর যখন আক্রমণ নেমে আসে তখন ধরে নিতে হয় যে সমাজে অন্ধকার আসন্ন। আর তৃণমূল সরকারের আমলে সেই অন্ধকার যেন ক্রমশই গভীর থেকে গভীরতর হয়ে উঠছে। গতকাল আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষকে নিগ্রহের ঘটনা তাই প্রমাণ করলো।

শুধুমাত্র আলিয়া বিশ্ববিদ্যালয়েই যে এমন ঘটনা ঘটেছে তা নয়। পূর্বে আমরা দেখেছি হুগলীর কোন্নগর নবগ্রাম হীরালাল পাল কলেজের অধ্যাপক ডঃ সুব্রত চ্যাটার্জিকে বেধড়ক মারধর করে টিএমসিপি সমর্থিত ছাত্র-ছাত্রীদের একাংশ। এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শ্রী দেবাশীষ চৌধুরী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, বগুলা শ্রী কৃষ্ণ কলেজের অতিথি অধ্যাপক শ্রী আশিস বিশ্বাস, চারুচন্দ্র কলেজের অধ্যাপক শ্রী বিমল শঙ্কর নন্দী সহ এমনও হাজার হাজার নাম রয়েছে যারা বর্তমান এই শাসক দলের আমলে শারীরিক হেনস্থা ও নিগ্রহের শিকার হয়েছেন।

এর মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে রাস্তা তৈরিকে কেন্দ্র করে একজন শিক্ষিকাকে যেভাবে পায়ে দড়ি বেঁধে মারতে মারতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার মতো নৃশংস ঘটনা ঘটে তা তো সারা দেশজুড়ে আলোচিত হয়েছে।

বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা ব্যবস্থা এতটাই দলীয় রঙে পরিণত হয়েছে যে পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গণ আজ রাজনীতির মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। ক্ষমতায় আসার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমস্ত ছাত্র সংগঠনকে অরাজনৈতিক হতে হবে। অথচ ২০১১ সালের নির্বাচনে জয়লাভের পর তার দলের ছাত্র সংগঠন টিএমসিপি বর্তমানে কলেজ ক্যাম্পাসগুলিতে শাসন করে এবং ভর্তি প্রক্রিয়া সহ কলেজের বিভিন্ন কার্যলাপের বিষয়ে সিদ্ধান্ত নেয়। আর এই টিএমসিপি সমর্থিত ছাত্র-ছাত্রীদের হাতেই কলেজগুলিতে শিক্ষক নিগ্রহের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পশ্চিমবঙ্গ জুড়ে ক্রমশ ঘটে চলা শিক্ষক নিগ্রহের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। এবং সেইসাথে গতকাল আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় যারা যারা জড়িত তাদের সকলের যথাযোগ্য শাস্তির দাবি এবং অধ্যক্ষের সুরক্ষার দাবি জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *