আমাদের ভারত, ১১ ফেব্রুয়ারি: ইউজিসির উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রাতিষ্ঠানিক উন্নয়ন পরিকল্পনার (আইডিপি) প্রতিবাদ করল সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (আবুটা)।
খসড়া নির্দেশিকার ওপর প্রতিক্রিয়া জানানোর শেষদিন ছিল শুক্রবার। আবুটা’র পক্ষ থেকে খসড়াটির ওপর মতামত জানানো হয়। এ কথা জানিয়ে আবুটা’র সাধারণ সম্পদক গৌতম মাইতি এই প্রতিবেদককে বলেন, “ইউজিসিকে জানানো হয়েছে যে এই খসড়া নির্দেশিকাটি জাতীয় শিক্ষানীতি ২০২০ রুপায়নের নীল নকশা। এটি সারা দেশের শিক্ষা মহল ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে।
খসড়া আইডিপিতে উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য যে প্রস্তাবগুলো রাখা হয়েছে তাতে বাস্তবে উচ্চশিক্ষার মান হ্রাস পাবে। শুধু তাই নয় এই প্রস্তাবগুলো কার্যকর হলে সমগ্র উচ্চশিক্ষা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। তার কারণ: শিক্ষক-শিক্ষার্থী অনুপাত হ্রাস করে ১:১৮ থেকে ১:৩০ করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া, স্থায়ীপদে নিয়োগ হ্রাস করে, ৫০% পর্যন্ত চুক্তিভিত্তিক শিক্ষক পদ প্রবর্তন করে এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা চালু করে উচ্চ শিক্ষার ব্যবস্থা চালিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলিকে কী কোর্স পড়ানো হবে, কীভাবে পড়ানো হবে, শিক্ষাদানে কাকে নিয়োগ করা হবে ইত্যাদি বিষয়ে সরকার নিদান হল শিক্ষকদের অ্যাকাডেমিক স্বাধীনতা এবং বিশ্ববিদ্যালয়গুলির প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসনে অবাঞ্ছিত হস্তক্ষেপ।
৪-বছরের ইউজি প্রোগ্রাম এবং এক বছরের পিজি প্রোগ্রাম প্রবর্তনের প্রস্তাব এবং শিক্ষাকে যেভাবে গবেষণা থেকে পৃথক করার কথা বলা হয়েছে তা শিক্ষাবিজ্ঞানসম্মত নয়।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য পিপিপি মডেল, শিক্ষা খাতে বিনিয়োগের জন্য ব্যাঙ্ক এবং আর্থিক সংস্থাগুলিকে আমন্ত্রণ, সেইসাথে ক্যাম্পাস পরিকল্পনা, ক্লাস রুম অটোমেশন এবং প্রযুক্তি ব্যবহারের জন্য সুপারিশগুলি, সবই কর্পোরেট স্বার্থ পূরণের জন্য করা হয়েছে৷ বলা হয়েছে গবেষণার জন্য অর্থ শিল্প থেকে আসবে, এবং তা হবে ১০০ শতাংশ বা নিদেনপক্ষে ৫০ শতাংশ।
আবুটা মনে করে সরকার এইভাবে কর্পোরেট বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে শিক্ষা ও গবেষণা থেকে পাবলিক তহবিল প্রত্যাহারের দিকে মরিয়া হয়ে এগিয়ে চলেছে। এ-সবই উচ্চশিক্ষার অবাধ বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের তাগিদে পদক্ষেপ।
আবুটা জাতীয় শিক্ষানীতি ২০২০ ও তা রুপায়নের নীল নকশা আইডিপি সম্পূর্ণ বাতিল করার জন্য এবং সরকারি অনুদানে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য দাবি জানাচ্ছে।”

