মাতৃভাষার গুরুত্ব লঘু করে দেওয়ার অভিযোগ আবুটা-র

আমাদের ভারত, কলকাতা, ২২ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় সরকার তার হিন্দুত্ববাদী সূচি নিয়ে নয়া জাতীয় শিক্ষানীতি রূপায়ন করতে গিয়ে বাংলা-সহ অন্যান্য মাতৃভাষার গুরুত্বকে লঘু করে দিচ্ছে বলে অভিযোগ তুলল সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (আবুটা) সাধারণ সম্পাদক গৌতম মাইতি।

‘আবুটা’-র পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্র-শিক্ষক-গ্রন্থাগারিক-শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন। আবুটার সাধারণ সম্পাদক গৌতম মাইতি ভাষা দিবসের ইতিহাস উল্লেখ করে তার বর্তমান তাৎপর্য ব্যাখ্যা করেন। এক প্রেস বিবৃতিতে তিনি ‘হিন্দি চাপিয়ে দেওয়ার অপচেষ্টার’ তীব্র নিন্দা করেন।

তিনি বলেন, এর ফলে শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান চর্চার পথ রুদ্ধ হবে। ‘আবুটা’-র যুগ্ম-সম্পাদক দেবব্রত বেরা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ছাত্র-শিক্ষক- শিক্ষানুরাগী মানুষের কাছে আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *