আমাদের ভারত, ৪ এপ্রিল: বৃহস্পতিবার এ-রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে কর্মরত শিক্ষকদের কর্মবিরতি পালনের ডাক দিল অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (আবুটা)।
মঙ্গলবার সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম মাইতি এক বিবৃতিতে জানান, “আবুটা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য হিসেবে কেন্দ্রীয় হারে সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদান, এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে আগামী ৬ই এপ্রিল এ-রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে কর্মরত শিক্ষকদের কর্মবিরতি পালনের ডাক দিচ্ছে।
আবুটা মনে করে, এআইসিপিআই-এর উপর ভিত্তি করে এই মহার্ঘ ভাতা পশ্চিমবঙ্গের সকল শিক্ষক ও রাজ্য সরকারি কর্মীদের সংবিধানসম্মত মৌলিক অধিকার এবং ন্যায়সঙ্গত প্রাপ্য। অন্যদিকে, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগের দাবিও যথার্থ।”

