আমাদের ভারত, ২১ অক্টোবর: করুণাময়ী-কান্ডের তীব্র নিন্দা করে অবিলম্বে যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবি করল সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (আবুটা)।
শুক্রবার ‘আবুটা‘-র সাধারণ সম্পাদক গৌতম মাইতি জানান, “গতকাল করুণাময়ীতে আমরণ অনশনকারী ২০১৪ -র টেট উত্তীর্ণ শিক্ষক চাকরি প্রার্থীদের উপর মধ্যরাতে রাজ্য সরকারের পুলিশ যে নৃশংস আক্রমণ করে, যেভাবে নির্জলা অনশনকারীদের টেনে হিঁচড়ে পুলিশভ্যানে তোলে, অসুস্থ মহিলাদের শারীরিক নির্যাতন করে তাকে নিন্দা করার ভাষা আমাদের জানা নেই।
টেট পরীক্ষা না দিয়ে, সাদা খাতা জমা দিয়ে অথবা মেধাতালিকা ভুক্ত না হয়েও যখন কিছু ব্যক্তি টাকার বিনিময়ে শিক্ষক হিসাবে চাকরি করছেন তখন যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা রাস্তায় বসে মাসের পর মাস ধর্ণা দিচ্ছেন, অনশন করছেন এবং বিনিময়ে তাদের উপর নেমে আসছে পুলিশি নির্যাতন।
অন্যদিকে আন্দোলনের ঐক্য ভাঙার জন্য সরকার ২০১৪ ও ২০১৭-র উত্তীর্ণদের মধ্যে বিভাজন তৈরি করেছে। এরাজ্যে শিক্ষাক্ষেত্রে এটি একটি চরম কলঙ্কজনক অধ্যায়। আমরা এর তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবি করছি।

