কোভিড বিধি মেনে বিদ্যালয় চালু করার দাবিতে মেদিনীপুরে ডিআই’য়ের কাছে এবিটিএ’র ডেপুটেশন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ আগস্ট: মঙ্গলবার কোভিড বিধি মেনে মেদিনীপুর শহরে মিছিল করে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) কাছে স্মারকলিপি দেওয়া হয়। মূল দাবিগুলি ছিল, কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে শ্রেণি শিখণ চালু করা, শিক্ষার্থীদের কোভিড প্রতিরোধক টিকাকরণ করা, বিদ্যালয়/মাদ্রাসাগুলো নিয়মিত স্যানিটাইজ করা, মিড ডে মিলের বরাদ্দ না কমিয়ে নিয়মমতো ও নিয়মিত মিড ডে মিল চালু রাখা,উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের অসঙ্গতি দূর করা। এছাড়াও শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ১২ মাসের বেতন পেয়ে ১৩ মাসের আয়কর দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদসহ শিক্ষা ও পেশাগত অন্যান্য দাবী ছিল।

সমিতির জেলা অফিস মেদিনীপুরের রবীন্দ্রনগরের গোলোকপতিভবন থেকে সকাল ১১টায় মিছিল বের হয়ে মেদিনীপুর শহর পরিক্রমা করে বেলা ১২টা নাগাদ জেলা শিক্ষা ভবনে মিছিল পৌঁছালে স্মারকলিপির দাবিগুলি সবিস্তারে ব্যাখ্যা করেন এবিটিএ’র জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ। বক্তব্য রাখেন প্রাক্তন জেলা সম্পাদক অশোক ঘোষ, এবিটিএ’র নেতৃত্ব পল্লব সরকার, পাপিয়া চৌধুরী প্রমুখ।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সত্যকিংকর হাজরা, শক্তিপ্রসাদ মিত্র, জগন্নাথ খান, জহরলাল রায়, মদন কুন্ডু, প্রণব হড়, উত্তম মান্না, শ্যামল ঘোষ, অভিষেক দে, শান্তনু সিনহা প্রমুখ নেতৃবৃন্দ।জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক)সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ ও মহকুমা সম্পাদক জগন্নাথ খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল। কর্মসূচি সঞ্চালনা করেন মহকুমা নেতৃত্ব সুরেশ পড়িয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *