আমাদের ভারত, ২২ ডিসেম্বর: প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা সংশোধন সহ একাধিক দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ পশ্চিমবঙ্গ (বিদ্যালয় শিক্ষা)-র তরফে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক গৌতম পালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেওয়া হয়।
সংগঠনের এবিআরএসএম রাজ্য সাধারণ সম্পাদক বাপী প্রামাণিক এ কথা জানিয়ে বলেন, “আমাদের প্রত্যেকটি দাবি মনযোগ দিয়ে শুনেছেন। আগামী দিনে সমন্বিত বৈঠকে আমাদের সংগঠনকে আহ্বান জানানোর আশ্বাস দিয়েছেন। আগামী শিক্ষাবর্ষে ছুটির তালিকা সংশোধন করা সম্ভব নয়। ইতিপূর্বে পর্ষদ সভাপতির নিকট ঈদের জন্য কোনও তরফে ৭-১০ দিন ছুটির দাবি জানানো হয়েছে।
পালনীয় দিনগুলি ছুটি নয়, ওই দিন পঠন পাঠন বন্ধ রেখে পালনীয় দিনের গুরুত্ব আলোচনা করতে অনুরোধ করেছেন। গরমের ছুটি দুই বঙ্গের জন্য দুই রকম করতে (বিভাজন) পারবেন না। সেক্ষেত্রে উনি কেন্দ্রীয় সরকারের ছুটির উদাহরণ দিয়েছেন।
সরস্বতী পূজার প্রস্তুতির জন্য আগের দিন পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে, যেটা কিছু বাধ্যবাধকতায় উল্লেখ করা হয়নি। নতুন শিক্ষানীতি অনুসারে আগামী দিনে প্রাথমিক বিদ্যালয়ে সর্বোচ্চ শ্রেণি চতুর্থ শ্রেণি পর্যন্ত থাকবে। আমাদের সংগঠন কর্তব্যবোধ দিবস পালন করে – এই বিষয়ে জানার পর সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগঠনের পক্ষে প্রতিনিধি দলে ছিলেন রাজ্য অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈকত মণ্ডল, রাজ্য কার্যকারিণী সমিতির সদস্য চন্দ্র শেখর সিং, দক্ষিণ ২৪ পরগণা জেলা সভাপতি প্রবোধ কুমার মুদি, সহ সভাপতি অমিত দত্ত।

