কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর: ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের খারাপ ফল হওয়ার পর থেকে জুতো পরা ছেড়ে দিয়েছিলেন বাসুদেব বেরা। তিনি শপথ নিয়েছিলেন যতদিন না তৃণমূল কংগ্রেস আবার ভালো ফল করবে এবং তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না মুখ্যমন্ত্রী হচ্ছেন ততদিন তিনি জুতো আর পরবেন না। বাসুদেব বাবুর বাড়ি ঘাটাল ব্লকের দেয়ান চক দুই গ্রাম পঞ্চায়েতের ভাগীরাথপুর গ্রামে।
কেন এই প্রতিজ্ঞা? তার উত্তরে বাসুদেব বাবু বলেন,২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস খারাপ ফল করার পর স্থানীয় বিজেপি কর্মী এবং নেতৃত্বরা বাসুদেব বাবুকে আক্রমণ করে এবং জুতা দিয়ে মারে। এরপরই বাসুদেববাবু প্রতিজ্ঞা করেন যে যতদিন না তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন ততদিন পর্যন্ত তিনি আর জুতো পরবেন না, খালি পায়ে থাকবেন।

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ৫ মে বুধবার, বাসুদেববাবু নতুন জুতো পরলেন। বাসুদেব বাবুর হাতে নতুন জুতো তুলে দেন ঘাটাল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি পূর্ণেন্দু বাইরি।

