সাথী দাস, পুরুলিয়া, ২১ মার্চ: তৃণমূল সরকারের অনিচ্ছা ও অসহযোগিতায় রাজ্যে রেলের প্রায় ৫০ হাজার কোটি টাকার কাজ বাকি পড়ে রয়েছে। কোথাও নো অবজেকশন পাওয়া যাচ্ছে না। আবার কোথাও বা জমি অধিগ্রহণ করছে না। সরাসরি এমন কথা বলেই আজ পুরুলিয়ার কাশীপুরের জন সভায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল।
সভায় এই অভিযোগ এনে বিভিন্ন ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন রেলমন্ত্রী। এদিন রেল ছাড়াও কেন্দ্রের একাধিক জন-কল্যাণ প্ৰকল্পকে রুপায়িত করতে দিচ্ছে না বলে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগের ফলে বঞ্চিত হচ্ছে রাজ্যবাসী।

আজ পুরুলিয়ার কাশীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদার সমর্থনে স্থানীয় হাটতলা ময়দানে নির্বাচনী জনসভায় এই ভাবে তৃণমূল সরকারকে আক্রমন করেন রেলমন্ত্রী। এদিন তিনি বলেন, “কেন্দ্রে তাঁদের সরকার থাকলেও রাজ্যে তাঁদের সরকার না থাকায় এই সমস্যা। তাই বাংলাকে বিকাশের পথে নিয়ে যেতে ও সোনার বাংলা তৈরি করতে হলে কেন্দ্র ও রাজ্যে ডবল ইঞ্জিন সরকার দরকার। তাই আসন্ন নির্বাচনে তৃণমূলকে হঠিয়ে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করুন।” এদিন এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী ছাড়াও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন সভায় সরাসরি তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করে বলেন, “ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় ক্ষুদ্ধ হয়ে বক্তৃতা বন্ধ করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গ তুললেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। তিনি মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, “এখানে দুর্গাপুজো এবং সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হয়।”


