পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ সেপ্টেম্বর: হোস্টেলের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠলো খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তি চেয়ে পড়লো পোষ্টার, বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরার আলোক কেন্দ্র হাইস্কুলে।

পশ্চিম মেদিনীপুরের ডেবরার আলোক কেন্দ্র বাজার এলাকায় ও বিভিন্ন জায়গায় আলোক কেন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষক নিখিল মণ্ডলের ছবি সহ পোস্টারের দেখা মেলে। পোস্টারে লেখা, “হোস্টেলের ছাত্রীর শ্লীলতাহানিকারী প্রধান শিক্ষকের শাস্তি চাই।”
পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে শেষ কয়েক মাসে একাধিক নারী ধর্ষণ ও গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে। তারপর প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আলোককেন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষক নিখিল মণ্ডলের শাস্তি চেয়ে প্রায় মাসখানেক আগে স্কুলের গেটে বিক্ষোভ দেখায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বারবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় গেলে থানা কোনো রিপোর্ট নিতে নারাজ।

এব্যাপারে গতকাল রাতে বিজেপি নেত্রী ভারতী ঘোষ নিজে এসে নিগৃহীতা ছাত্রীকে নিয়ে ডেবরা থানায় গিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভব্য আচরণ ও শারীরিক নিগ্রহের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেব।
বিজেপির সর্বভারতীয় মুখপাত্র ভারতী ঘোষ জানান, দিকে দিকে বেড়ে চলেছে নারী ধর্ষণ। পশ্চিম মেদিনীপুরের ডেবরাতেও শেষ বেশ কয়েক মাসে একাধিক ধর্ষণ ও গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে।
নিগৃহীতা ছাত্রীকে নিয়ে ডেবরা থানায় যান বিজেপি নেত্রী ভারতী ঘোষ। কথা বলেন ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে। যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেন পুলিশকে।

