স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ মার্চ: আজ মতুয়া সম্প্রদায়ের এক বিশেষ দিন মহা বারুণী স্নান। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আপামর মতুয়া ভক্তরা বিভিন্ন জেলা থেকে ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেরকমই নদিয়ার শান্তিপুর রেল স্টেশনে দেখা গেল প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মতুয়া ভক্ত বিভিন্ন জায়গা থেকে এসে ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা দিলেন।

রীতিমতো বাজনা বাজিয়ে ঠাকুরের নাম করতে করতে স্টেশন চত্বর ভক্ত অনুরাগী করে তুললেন তারা। আট থেকে আশি, মহিলা থেকে শিশু সবাই ঠাকুরের নাম গান করতে করতে শান্তিপুর স্টেশনকে এক মিলন ক্ষেত্রে পরিণত করে তুললেন। শান্তিপুর রেল স্টেশনে সকাল থেকেই তাদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। যত সময় এগোচ্ছে ততোই ভক্তদের উপস্থিতি বেড়েই চলেছে। রীতিমতো ট্রেনে উঠে বাজনা বাজাতে বাজাতে ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেল তাদের। তবে আজ স্টেশন চত্বরে এই জনসমাগমকে কেন্দ্র করে রেল পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে তৎপর ছিল রেল পুলিশ।

শান্তিপুর স্টেশনের এক নম্বর এবং দুই নম্বর প্ল্যাটফর্ম জুড়ে মতুয়া ভক্তবৃদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বছরের একটি দিন হরিচাঁদ গুরুচাঁদের বাড়ি অর্থাৎ ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে তারা গিয়ে নাম গানে ব্রতী হন। তবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মতুয়া সম্প্রদায়ের ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা জানাচ্ছেন অনুষ্ঠানের পর ঠাকুরবাড়িতে মহাপ্রসাদ বিতরণ হয়, তারপরেই এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
তবে আজ মতুয়া সম্প্রদায়ের এহেন জনসমাগম শান্তিপুর রেল স্টেশনকে মহামিলন ক্ষেত্রে পরিণত করে।


