পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২ মে: বালুরঘাটে দণ্ডিকাটা কান্ড নিয়ে এবার প্রাক্তন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তপন ব্লকের চকসাথীহার গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক জানিয়েছেন, ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছিল দলের তরফে। শুধু তাই নয়, প্রদীপ্তা চক্রবর্তীকে সরিয়ে স্নেহলতা হেমব্রমকে জেলা মহিলা সভাপতিও করা হয়েছে।

এদিন তপনের গোফানগর এলাকার ওই তিন আদিবাসী মহিলার সাথে চা খেতে খেতে অভিষেক শোনেন সেদিন রাতের ভয়ঙ্কর সেই ঘটনা। আর এরপরেই প্রকৃত দোষীর বিরুদ্ধে দলীয় ভাবে এবং প্রশাসনিক ভাবে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্য তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে মন্তব্যের পরেই গ্রেপ্তারির আশঙ্কা তৈরী হয়েছে প্রদীপ্তা চক্রবর্তির বলে রাজনৈতিক মহলের ধারণা। একই সঙ্গে পৌরসভার ভাইস চেয়ারম্যানের পদও খোয়াবার আশঙ্কা তৈরি হয়েছে এদিন অভিষেকের মন্তব্যকে ঘিরে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে মহিলা নেত্রীর বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে। দুজনকে গ্রেফতারও করা হয়েছে। বাকি এই ঘটনায় আর যে যুক্ত রয়েছে তাকেও কোনো ভাবে রেয়াত করা হবে না। দলগত এবং প্রশাসনিকগত উভয় ভাবেই কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।

