কর্মীদের চাঙ্গা করতে আগামীকাল ওন্দায় অভিষেকের জনসভা, পঞ্চাশ হাজার লোকের সমাবেশের আয়োজন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ এপ্রিল: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষনা হতে বাকি থাকলেও রাজনৈতিক দলের প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে।চাকরি নিয়ে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির পর্দা ফাঁস, গরু পাচার নিয়ে অনুব্রতর মতো দলীয় নেতাদের জেল, শিক্ষামন্ত্রী সহ দলের বাঘা বাঘা নেতাদের জেল হেফাজত কান্ডের জেরে শাসক দল তৃণমূল বেকায়দায়। এই অবস্থায় দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে আসরে অভিষেক বন্দোপাধ্যায়।আগামী কাল তিনি ওন্দার ফুটবল ময়দানে সভা করবেন।

একদিকে একের পর এক কেলেঙ্কারি, তার উপর বেলা দুটায় সভার সময় নির্ধারিত হওয়ায় একটা চাপ রয়েছে আয়োজকদের মধ্যে।এছাড়াও পঞ্চায়েত নির্বাচনের পর বিধানসভা ও লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি, জেলার দুটি লোকসভা সহ বারোটি বিধানসভার মধ্যে আটটিতে পরাজয় জেলার রাজনৈতিক ইতিহাসে নজির হয়ে গেছে। এই চাপ কাটিয়ে উঠতে পঞ্চাশ হাজার লোকের সমাবেশের লক্ষ্যমাত্রা জেলা সংগঠনের।

ইতিমধ্যে পাঁচশো বাস নেওয়া হয়েছে। এছাড়াও ছোট গাড়ি, মিনি লরি ভাড়া করা হয়েছে।সমাবেশে আগত দলীয় কর্মীদের রোদের হাত থেকে বাঁচাতে গোটা মাঠজুড়ে ছাউনির ব্যবস্থা করা হয়েছে।

জেলা তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, পঞ্চাশ হাজার লোকের সমাবেশ হবে বলে আশা করছি। যা অবস্থা, আরো কিছু বাসের ব্যবস্থা করতে হবে।পাঁচশো বাস নেওয়া হয়েছে। প্রচণ্ড রোদ ও গরম থেকে বাঁচাতে মাঠজুড়ে ছাউনির ব্যবস্থা করা হয়েছে।

এদিকে সদ্য সর্বভারতীয় তকমা চলে যাওয়ার পর জেলা সফরে এসে অভিষেক কি বার্তা দেন সেদিকে তাকিয়ে শুধু রাজনৈতিক মহল নয় দলের ছোট বড় নেতারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *