রাজেন রায়, কলকাতা, ১ সেপ্টেম্বর: ফেব্রুয়ারি মাসে কালীঘাট শান্তিনিকেতন আবাসে সিবিআই তল্লাশির পর পয়লা সেপ্টেম্বরেই অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এদিন দিল্লিতে হাজিরা দিলেন না তিনি। অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দেওয়া একটি চিঠিও দিয়েছেন রুজিরা।
ওই চিঠিতে তিনি লিখেছেন, ”আমি দুই শিশুর মা এবং অতিমারির সংক্রমণের মাঝে শারীরিকভাবে একা দিল্লি যাত্রা আমার ও আমার সন্তানদের ঝুঁকির মধ্যে ফেলতে পারে। যেহেতু আপনাদের সংস্থার দফতর কলকাতায় রয়েছে, তাই আমার জন্য খুব সুবিধাজনক হয় যদি আপনারা আমার বাড়িতে এসেই আমায় জিজ্ঞাসাবাদ করেন।” একই সঙ্গে ওই চিঠিতে রুজিরা আরও মনে করিয়ে দিয়েছেন, যেই মামলায় ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে, সেই মামলাটিও এ রাজ্যেরই। তাই তাকে কলকাতার অফিসে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পূর্ণ সহযোগিতা করবেন।
উল্লেখ্য, কয়লাকাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরার পাশাপাশি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৬ সেপ্টেম্বর ডেকে পাঠিয়েছে ইডি। সূত্র জানাচ্ছে, আগামী ৮, ৯ এবং ১০ সেপ্টেম্বর ডেকে পাঠানো হয়েছে আইপিএস সেলভা মুরুগান, জ্ঞানবন্ত সিং ও শ্যাম সিংহকে।এর আগে কয়লাকাণ্ডে খোদ অভিষেকের বাসভবনে গিয়ে তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই-এর গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদ করার আগের সেই মুহূর্তে তাঁর অভিষেক-জায়ার সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

