বিচার ব্যবস্থাকে ভয় দেখানোর চেষ্টা করছেন অভিষেক, অভিযোগ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ২৯ এপ্রিল: তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থাকে ভয় দেখানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার বালুরঘাটে সুকান্ত বলেন, অভিষেকের বক্তব্য খতিয়ে দেখা উচিত। যেভাবে শুক্রবার অভিষেক কথা বলেছেন তাতে বিচার ব্যবস্থার প্রতি এক ধরনের হামলাই বলা যায়।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সারানোর সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে শুক্রবার স্বাগত জানিয়েছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্য ছিল, কলকাতা হাইকোর্টের দুজন বিচারপতি একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন। আরো অনেক বিচারপতি আছেন তারা তো কথায় কথায় সিবিআই দেন না। তিনি বলেন, আবার আমরা যখন এই
মামলাগুলি সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছি তখন সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে যাচ্ছে। সুকান্তের মতে অভিষেকের এই মন্তব্যই অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে।

সুকান্ত মজুমদার বলেন, “বিচার ব্যবস্থাকে ভয় দেখানোর চেষ্টা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন, দুজন বিচারপতি বিজেপির কথায় নাকি সিবিআই ইডি দিচ্ছে। প্রমাণ করে দেখান কোন বিজেপি নেতার সাথে এদের সম্পর্ক আছে।” তিনি প্রশ্ন তুলে বলেন, “কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলবো এ বিষয়ে খোঁজ নেবার জন্য। একজন নেতা কিভাবে ভারতের বিচার ব্যবস্থার উপর এভাবে হামলা করতে পারে?”

অন্যদিকে শনিবার সকালে নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির মামলা থেকে সারানোর ঘটনায় মন্তব্য করেন, “মাঝখানে একমাস ধরে বাজারে গুজব রটেছিল তার হাত থেকে মামলা কেড়ে নেওয়া হবে। শেষ পর্যন্ত সেটাই হলো। মানুষ যার উপর ভরসা রেখেছিল, এই ঘটনার ফলে সেই ভরসা কমে যাবে।” দিলীপ ঘোষ বলেন, “এই ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছে সবাই। বিচারপতি গাঙ্গুলি যেভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তাতে বাংলার সাড়ে দশ কোটি মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছে।” যদিও দিলীপ ঘোষ দাবি করেছেন, আজ না হলে কাল শিক্ষায় দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *