“গ্রামে জেসিবি দিয়ে রাস্তা খুঁড়লে এর থেকে বেশি ভিড় হয়”, বিজেপির সভায় জনসমাগম কম বলে কটাক্ষ অভিষেকের

সাথী দাস, পুরুলিয়া, ১৬ মার্চ: “এদের সভা সমিতিতে যত ভিড় হচ্ছে, গ্রামে জেসিবি দিয়ে রাস্তা খোদাই করলে এর থেকে বেশি ভিড় হয়।” পুরুলিয়ায় নির্বাচনী প্রচারে এসে আজ এই ভাবেই বিজেপির নির্বাচনী সভা নিয়ে কটাক্ষ করলেন অভিষেক ব্যানার্জি। এদিন পুরুলিয়ার রঘুনাথপুরের চেলিয়ামা, মানবাজারের জিতুজুড়ি এবং পুরুলিয়া বিধানসভার ছড়রায় নির্বাচনী জনসভা সারলেন তিনি।

পুরুলিয়া বিধানসভার ছড়রায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক ব্যানার্জি বলেন, “বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা একই ব্যাপার। সিপিএম ৩৪ বছর লড়াই করে পারেনি। ভারতীয় জনতা পার্টি তো কোন ছার।” বিজেপির জনসভার ভিড়কে ব্যঙ্গ করে তিনি বলেন, “এদের সভা সমিতিতে যত ভিড় হচ্ছে, গ্রামে জেসিবি দিয়ে রাস্তা খোদাই করলে এর থেকে বেশি ভিড় হয়।” বিজেপির দিকে ভোটে টাকা খরচ নিয়ে অভিযোগ করে ভোটারদের উদ্দেশ্যে অভিষেক বলেন, “বিজেপি এমনিতেই সব জায়গায় টাকা ছড়াচ্ছে। টাকাগুলো নিয়ে নেবেন। বড়ো ফুলের টাকা নেবেন আর ছোট ফুলে ভোট দেবেন। ২ তারিখ যখন ভোট বাক্স খুলবে বিজেপি চোখে সরষে ফুল দেখবে।” 

নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে অভিষেক ব্যানার্জি বলেন, “পুরুলিয়ার ৯টি কেন্দ্রের মধ্যে ৮টিতে তৃণমূল মনোনয়ন জমা করেছে, জয়পুর কেন্দ্রে তৃণমূলের মনোনয়ন বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। তবুও দায়িত্বের সঙ্গে বলছি পুরুলিয়ায় তৃণমূল
৯টি আসনেই জিতবে। জয়পুর আসনটিতে নির্দলে ভোট দিয়ে জেতাতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *