পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ জানুয়ারি: সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ ফেব্রুয়ারি কেশপুরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই কর্মীদের মনে উৎসাহ তুঙ্গে। অভিষেককে স্বাগত জানতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আনন্দপুর স্কুল মাঠে সেই সভা শুরু হওয়ার কথা রয়েছে।

আজ মঙ্গলবার মাঠ পরিদর্শনে যান রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, জেলা সভাপতি সুজয় হাজরা, রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক নির্মাল্য চক্রবর্তী, তৃণমূল নেতা মহঃ রফিক, প্রাক্তন কেশপুর ব্লকের সভাপতি উত্তম ত্রিপাঠী, বিশ্বজিৎ বরদোলই, শ্যামল আচার্য, জাহাঙ্গীর খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সুজয় হাজরা জানান, পঞ্চায়েত নির্বাচনের আগে এই সভা সবচেয়ে রেকর্ড সভা হতে চলেছে কেশপুরে। প্রায় দু’লক্ষের বেশি লোক সমাগম হবে। সেকারণেই এই মাটি বেছে নেওয়া হয়েছে। কারণ অভিষেকের বার্তা শোনার জন্য মুখিয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের কর্মী সমর্থকরা।

