নোট বন্দির সময় হাজার কোটি টাকার নোট বদল করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিযোগ শুভেন্দু অধিকারীর

আমাদের ভারত, ৮ জানুয়ারি: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে সরব হলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি নোট বন্দির সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আপ্ত সহায়কের মাধ্যমে হাজার কোটি টাকার নোট বদল করেছেন। তার কাছে সে প্রমাণ আছে বলেও দাবি করেছেন বিরোধী
দলনেতা।

রবিবার খড়গপুরে একটি স্বাস্থ্য মেলায় যোগ দিতে এসে সাংবাদিকদের শুভেন্দু বলেন, “পুরনো নোট বদল করেছেন ভাইপো। আমি এক হাজার লোকের নাম দিয়ে দেব। পেট্রোল পাম্পের মালিক, ব্যবসায়ী, বিভিন্ন থানার আইসিদের মাধ্যমে নোট বদল হয়েছে। এরকম এক হাজার ব্যবসায়ীর নাম দিয়ে দেব। অনুব্রত ১০০ কোটি বদল করলে ভাইপো এক হাজার কোটি টাকার নোট বদল করেছেন।”

এরপর বর্ধমানের একটি সভা থেকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে শুভেন্দু বলেন, “তৃণমূল সরকারের একটাই এজেন্ডা টাকা, টাকা এবং টাকা। চুরি, চুরি আর চুরি। মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করাই লক্ষ্য।”

শুভেন্দুর এই অভিযোগের বিরুদ্ধে পাল্টা দিতে গিয়ে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, উনি বিরোধী দলনেতা নন উনি অভিষেক বিরোধী দলনেতা। একই সঙ্গে কুনালের দাবি, শুভেন্দু যে অভিযোগ করেছেন তার উপযুক্ত প্রমাণ দিন। একই সঙ্গে কুনালের আরো দাবি, শুভেন্দু যে সময়কার কথা বলছেন সেই সময় তিনি তৃণমূলেই ছিলেন। একাধিক দপ্তরের মন্ত্রিত্ব সামলাচ্ছিলেন। সেই সময় তিনি কেন এই ঘটনার প্রতিবাদ করলেন না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *