সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ মে: ফের জন জোয়ার যাত্রা শুরু করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের ডাক পেয়ে গত ১৯ তারিখে বাঁকুড়া জেলার সোনামুখীতে কর্মসূচি স্থগিত রেখে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। রওনা দেওয়ার আগে তিনি জানান, ফের এখান থেকেই দ্বিগুণ উৎসাহ নিয়ে যাত্রা শুরু করবেন। গতকাল শনিবার সিবিআইয়ের টানা ন’ঘন্টা জেরার পর ফের আগামীকাল থেকে জন জোয়ার কর্মসূচি শুরু করবেন।
বাঁকুড়া জেলা তৃণমূলের কো- চেয়ারম্যান তথা তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী জানান, আগামীকাল অভিষেক বন্দোপাধ্যায় হেলিকপ্টার যোগে ইন্দাসে হাজির হবেন। সেখান থেকেই শুরু করবেন স্থগিত হয়ে যাওয়া কর্মসূচি। এই কর্মসূচি অনুযায়ী ইন্দাস থেকে যাত্রা শুরু করে পাত্রসায়ের হয়ে তিনি কোতুলপুরে সভা করবেন। সেখান থেকে জয়পুরে রোড শো করে বিষ্ণুপুরে পৌছাবেন। সোমবার সেখানেই রাত্রিবাস করবেন। পরদিন ওন্দায় রোড শো করে তালডাংরা হয়ে সিমলাপালে পৌঁছনোর পর সেখানে সভায় বক্তব্য রাখবেন।সেখান থেকে যাবেন খাতড়া।

