জে মাহাতো, মেদিনীপুর, ২২ মার্চ:
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বাসস্ট্যান্ডে কেশপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্তা মোর্চার সিপিআইএম প্রার্থী রামেশ্বর দোলুই এর সমর্থনে সিপিআইএমের পক্ষ থেকে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন, সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম, আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকী, তরুণ রায় ও প্রার্থীসহ অন্যান্য জেলা সিপিআইএম নেতৃত্ব।

এই সভাতে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই নাম না করে তৃণমূলকে নিশানা করলেন আব্বাস সিদ্দিকী, বেকারদের চাকরি সহ একাধিক দাবি নিয়ে বর্তমান রাজ্য সরকারকে নিশানা করলেন। পাশাপাশি সাম্প্রদায়িক ইস্যু নিয়ে বিজেপিকে নিশানা করেন। তিনি বলেন, রাজনীতি মানে দেশের সেবা করা, কোনো সম্প্রদায়ের মানুষের সঙ্গে সীমাবদ্ধ থাকে না। ইমাম ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করলেন আব্বাস সিদ্দিকী। তিনি বলেন ভাতা নয় চাকরি চাই, একটা বিএ পাশ, মাস্টার ডিগ্রী পাশ ছেলে চাকরি পেলেই বহু টাকা রোজগার করতে পারবে। আর তুমি তো দিচ্ছ আমার বাবার টাকা মানে আমাদের পাওনা টাকা।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গরু দুধ দেয় সে গরুর লাথি খেতে হয় বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, তাহলে মুসলিম সম্প্রদায়ের মানুষ কি গরু? আসলে পীপিলিকার যখন মরণের সময় হয় তখন তার পালক গজায়।

