কাঁকসার জঙ্গলে সেনাদের পরিত্যক্ত  হেলমেট উদ্ধার

জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ১৩ নভেম্বর: জঙ্গলের ভেতর সেনাদের পরিত্যক্ত হেলমেট উদ্ধার। রবিবার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল পানাগড় সেনা ছাউনি সংলগ্ন কাঁকসা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।

ঘটনায় জানা গেছে, এদিন সকালে কাঁকসার ধবারুর জঙ্গলে প্রচুর হেলমেট পড়ে থাকতে দেখে আশপাশের বাসিন্দারা। সেনা জওয়ানদের বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যবহৃত ওই হেলমেটগুলি। রং উঠে গেছে। এক কথায় হেলমেটগুলি পরিত্যক্ত। খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ওই জঙ্গল থেকে ৫-৬ কিলোমিটার দূরে পানাগড় সেনাছাউনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সেখানের পরিত্যক্ত হেলমেট কিভাবে জঙ্গলে এসেছে। যদিও অতীতে ওই জঙ্গলে প্রায় প্রচুর গবাদি পশুর মৃতদেহ পড়ে থাকতে দেখা যেত। আবার কখনও গরুর বাচ্চা প্রচুর পড়ে থাকতে দেখা গেছে। তবে এদিনের হেলমেট উদ্ধারে সাধারণ মানুষের মধ্যে কৌতুহল জন্মেছে।

প্রসঙ্গত, সেনাছাউনির বিভিন্ন গাড়ি, হেলমেট প্রায় নিলামে বিক্রি হয়। সেখান থেকে ব্যাবসায়ীরা নিয়ম মেনে নিলামে কিনে নিয়ে আসে। প্রাথমিক অনুমান সেরকমই কোনো ব্যাবসায়ী নিলামে কিনে অব্যাবহার্য হওয়ায় তা হয়তো ফেলে দিয়ে গেছে। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখছে কাঁকসা থানার পুলিশ। তবে এবিষয়ে পানাগড় সেনাছাউনির কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *