পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ: বেকারত্ব সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সরব হলো আমজনতা উন্নয়ন পার্টি। “ভাতা নয়, চাকরি চাই” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ এলাকায় এক প্রতিবাদ মিছিল সংগঠিত করে দলটি।

এদিন কপোতিয়ার জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বুড়িশোল, মাঝিপাড়া ও সাদাতপুর এলাকা পরিক্রমা করে প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মিছিলে নেতৃত্ব দেন খড়্গপুর গ্রামীণ কেন্দ্রের প্রার্থী তথা সংগঠনের জেলা সভাপতি হাজি ইবরার হোসেন। তিনি বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বেকারত্ব পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর কথায়, “বেকার যুবকদের ভাতা দিয়ে সাময়িক স্বস্তি দেওয়া যায়, কিন্তু স্থায়ী সমাধান একমাত্র কর্মসংস্থান। তাই আমাদের প্রধান দাবি, চাকরি সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা।”
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান ব্যবস্থায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি বেকার যুবকদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। এই পরিস্থিতির পরিবর্তনে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
আমজনতা উন্নয়ন পার্টির এই মিছিল ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে। আগামী দিনে কর্মসংস্থান ও স্বচ্ছ প্রশাসনের দাবিতে দলটি আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে ইঙ্গিত মিলেছে।

