সাথী দাস, পুরুলিয়া, ১ মার্চ: নির্বাচনের মুখে কুড়মি সম্প্রদায় আন্দোলনে নামল। তপশিলি উপজাতি তালিকায় তাদের সংযুক্ত করার দাবি জানিয়ে আন্দোলনে নামল আদিবাসী কুড়মি সমাজ। সোমবার পুরুলিয়া শহরে জেলাশাসক দফতরের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। প্রায় এক ঘন্টা অবস্থান বিক্ষোভের পর জেলাশাসকের নিকট বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন তারা। উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে কুড়মি জাতিকে আদিবাসী জনজাতিতে অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন শুরু হয়। অভিযোগ কখনও রাজ্য সরকার সিআরআই সংশোধিত রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠানো জন্য নানা গড়িমসি দেখাছে, আবার কখনও কেন্দ্র এই রিপোর্ট নানা কারণ দেখিয়ে ফিরিয়ে দিচ্ছে। আর এর জেরে নিজেদের দাবি পূরণে এত বিলম্ব হচ্ছে। এই অবস্থায় নিজেদের দাবি পূরণের জন্য এবার নির্বাচনে মুখে ফের আন্দোলন শুরু করল আদিবাসী কুড়মি সমাজ। এদিন রাজ্য ও কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কুড়মি সম্প্রদায়ের সদস্যরা।


