পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: পুরোটাই গুজব। শুধুমাত্র গুজবের কারণে একজন নিরীহ যুবক গণপিটুনির শিকার হয়। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করায় যুবকের প্রাণ রক্ষা হয়েছে। সম্প্রতি, খড়্গপুর গ্রামীণের ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার খড়্গপুর টাউন থানায় সাংবাদিক বৈঠক করে ঠিক এমনটাই জানালেন এসডিপিও ধীরজ ঠাকুর। তিনি এও জানিয়েছেন, কোন গুজব ছড়ালে এরপর থেকে পুলিশ কড়া পদক্ষেপ করবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ঝাড়গ্রাম এবং লাগোয়া খড়্গপুর গ্রামীণ, কেশিয়াড়ি সহ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় রটনা রটে রাতের অন্ধকারে কেউবা কারা এসে দরজায় কড়া নাড়ছে। তাদের উদ্দেশ্য নাকি, আধার কার্ড সহ কোনো গুরুত্বপূর্ণ নথি চুরি করা। এনিয়েই গত রবিবার রাতে কেশিয়াড়ির গেলিগেড়িয়ার যুবক সৌম্যদীপ চন্দ খড়্গপুর গ্রামীণের আনরকলি এলাকায় গণপিটুনির শিকার হন। আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে সে ভুবনেশ্বরের হাইটেক মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

