পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: বেআইনীভাবে দীর্ঘদিন ধরে ট্রেনের ই-টিকিট ব্যবসা চলছিল রমরমিয়ে। অভিযান চালিয়ে গ্রেফতার করা হল কম্পিউটার সেন্টারের মালিক সেখ বাপ্পাসুদ্দিন নামে এক যুবককে৷ বাজেয়াপ্ত করা হয়েছে দোকানের সমস্ত সামগ্রীও ই-টিকিট। পুরো ঘটনাটি ঘটেছে শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের পিতাম্বরচক এলাকাতে।
রেলওয়ে আধিকারিকরা জানিয়েছেন, কেশপুর থানার অন্তর্গত পিতাম্বরচক এলাকার ফরুরমোড়ে একটি কম্পিউটার সেন্টার আছে৷ সেখানে অন্যান্য কাজ কর্মের সঙ্গে রেলওয়ের ই-টিকিট কাটা হতো। নির্দিষ্ট সূত্রে জানতে পেরে শনিবার অভিযান চালানো হয়৷ মেদিনীপুর আরপিএফ, খড়্গপুরের সিআইডি, কেশপুর থানার পুলিশ একসঙ্গে অভিযান চালায়৷ অতর্কিত অভিযানে সেখানে কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার হয়েছে নানা সামগ্রী।
রেলওয়ের আধিকারিকরা জানিয়েছেন, কম্পিউটার সেন্টারটিতে ছিল ৫ টি টিকিট, যার মূল্য ৮৬৯৪ টাকা৷ পুরনো ২৮ টি টিকিট, যার মূল্য ৫৩৭৩৮ টাকা, নগদ ১৫০০ টাকা৷ তারপরই বাজেয়াপ্ত করা হয়েছে একটি কম্পিউটার সেট। ওই কম্পিউটার থেকে ৩১টা ব্যাক্তিগত আইডি থেকে টিকিট কাটা হতো৷ বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোবাইল৷ এই কান্ডে গ্রেফতার করা হয়েছে কম্পিউটার সেন্টারে মালিক সেখ বাপ্পাসুদ্দিন নামের যুবককে৷

