পাচারের আগেই জলপাইগুড়ি থেকে উদ্ধার অসমের যুবতী

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১০ আগস্ট: পাচার হওয়ার আগেই অসমের এক যুবতী উদ্ধার হল জলপাইগুড়িতে। বৃহস্পতিবার শহরের স্টেশন রোডে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করছিল ওই যুবতী বলে দাবি যুব তৃণমূলের নেতা কর্মীদের। এরপর যুব তৃণমূলের নেতারা ওই যুবতীকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসল চাঞ্চল্যকর তথ্য।

জানা গিয়েছে, ওই যুবতীর বাড়ি অসমে। অসমের এক চায়ের দোকানে কাজ করত ওই যুবতী। চারদিনের পরিচয়ে এক অপরিচিত মহিলা ওই যুবতীকে জলপাইগুড়িতে কর্মসংস্থান করে দেওয়ার আশ্বাস দেয়। এরপর অসম থেকে ওই যুবতীকে বাসে করে জলপাইগুড়ি নিয়ে আসে ওই মহিলা। দিনবাজার এলাকার যৌন পল্লীর সামনে এক দোকানে যুবতীকে রেখে ওই মহিলা কিছুক্ষণ দাঁড়াতে বলেন। অনেকক্ষণ বাদে ফিরে না আসায় ওই যুবতী সেখান থেকে স্টেশন রোডে চলে আসে বলে জানায় জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অজয় সাহা। তিনি বলেন, “আমাদের সন্দেহ যুবতীকে যৌন পল্লীতে বিক্রি করতে নিয়ে এসেছিল ওই মহিলা। যুবতীকে উদ্ধার করে জানতে পারলাম সব ঘটনা। আমরা পুলিশকে জানিয়ে যুবতীকে থানার হাতে তুলে দিয়েছি। আশাকরি পুলিশ ওই যুবতীকে পরিবারের হাতে তুলে দেবে।”

এদিকে যুবতী বলেন, “আমাকে রেখে চলে যায়। আমি বাড়ি যাবো এই কারণে দাদাদের দেখে জানিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *