স্নেহাশীষ মুখার্জি,আমাদের ভারত, নদিয়া, ৬ এপ্রিল: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। নদিয়ার শান্তিপুর এলাকার ঘটনা। তলিয়ে যাওয়া যুবকের নাম বাপ্পা বসাক।
জানা গেছে, মঙ্গলবার বেলা দুটো নাগাদ শান্তিপুর বড় বাজার ঘাটে তিন বন্ধু একটি বাইকে করে আসে গঙ্গাজল নিতে। আর তখুনি তাদের মধ্যে ঠিক হয় যে তারা স্নান করে জল নিয়ে বাড়ি ফিরবে। কিন্তু স্নান করতে নেমে ঘটে গেল বিপত্তি। তিন বন্ধু জলে স্নান করতে নামে আর তখনই এক বন্ধু জলে তলিয়ে যায়। ওই তিন জনের বাড়ি শান্তিপুর থানার প্রমোদনগর এলাকায়। তলিয়ে যাওয়া যুবকের নাম বাপ্পা বসাক, বয়স আনুমানিক ২৩ বছর। বন্ধুদের কাছ থেকে জানা গেছে, বাপ্পাকে তলিয়ে যেতে দেখে তারা বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু জলের গভীরতা বেশি থাকায় তাকে জল থেকে তুলে আনা সম্ভব হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে অনেক খোঁজাখুঁজির চেষ্টা করেও সন্ধান মেলেনি বাপ্পা বসাকের। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

