স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৯ এপ্রিল: এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ছত্রপুর এলাকায়। মৃত ওই যুবকের নাম নকুল দেবনাথ (২৭)। বাড়ি কর্নজোড়ার উদয়পুর এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার কর্নজোড়ার উদয়পুরের বাসিন্দা নকুল দেবনাথ পাশের গ্রাম ছত্রপুর এলাকায় বাসন্তী পুজো দেখতে যায়। ওই গ্রামে বেশ কিছু বাড়িতে বেআইনি মদের আসর বসে বলে জানা যায় স্থানীয়সূত্রে৷ এই বেআইনি মদের আসরে যোগদিয়ে ছিল নকুল বলে জানা যায়। সেই সময় বা পরে কে বা কারা নকুলকে ভারি কিছু বস্তু দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থা পড়ে থাকে।
এই খবর জানাজানি হতেই আশপাশ থেকে ছুটে আছে বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানা ও কর্নজোড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। আসেন অতিরিক্ত পুলিশ সুপার আর্শ ভর্মা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসে। অতিরিক্ত পুলিশ সুপার আর্শ ভর্মা জানিয়েছেন, আমাদের কাছে খবর আসে কর্নজোড়া এলাকায় একটা মৃতদেহ পড়ে আছে। ওই মৃত যুবকের নাম নকুল দেবনাথ। নকুল এই এলাকায় আড্ডার পাশাপাশি এখানে মদ্যপান করতো বলে জানান তিনি। এই ঘটনায় দুই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

