স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ জুন:
মাঠে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার পিঁপড়াগাছি গ্রামে। সাপে কাটার পর ওই যুবক বাড়িতে ছুটে আসে এবং পরিবারের সকলকে বিষয়টি জানায়। এরপর পরিবারের সদস্যরা তড়িঘড়ি ওই যুবককে ওঝা বাড়িতে নিয়ে যায়। ওঝা বাড়িতে ঝাড়ফুঁক করার কারণেই অনেকটা সময় অতিবাহিত হয়। অবশেষে তারা ওই সাপে কাটা রোগীকে নিয়ে চাপড়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

যেখানে বারংবার সরকারিভাবে বিভিন্ন প্রচারের মাধ্যমে প্রতিটি মানুষকে সচেতন করা হচ্ছে সেই জায়গায় এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছে এই গ্রামের মানুষ। তারা এখনো কাল্পনিক রীতি রেয়াজের মধ্যেই আবদ্ধ রয়েছে বলেও মনে করা হচ্ছে। গোটা পৃথিবীতে যখন স্বাস্থ্য পরিষেবার এত উন্নতি ঘটেছে ঠিক তখনও বিভিন্ন গ্রামে রয়েছে ওঝাদের ঝাড়ফুঁক ও কুসংস্কারচ্ছন্ন চিকিৎসা। আর এই কুসংস্কারের প্রভাবে মৃত্যু হল সুদীপ্ত ঘোষের মতো যুবকের। এক প্রকার কু-সংস্কারের ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ল সুদীপ্ত ঘোষ। সরকারি এত প্রচার থাকা সত্ত্বেও এখনো মানুষের মনে বিশ্বাস জাগিয়ে রেখেছেন ওঝারা। সঠিক সময়ে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে আনতে পারলে হয়তো প্রাণে বেঁচে যেত সুদীপ্ত ঘোষ।


