স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ আগস্ট:
পাওনা টাকার জন্য মারধরে প্রাণ হারালেন এক যুবক। এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার গয়েশপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। মৃত যুবকের নাম সুশোভন দত্ত। তাঁর স্ত্রী ও এক পুত্রসন্তান রয়েছে।
জানা গেছে, ৯ আগস্ট সোমবার সন্ধ্যায় সুশোভন স্থানীয় একটি ফার্নিচারের দোকানে যাচ্ছিলেন। এ সময় গয়েশপুরেরই দুই ভাই শুভজিত দাস ওরফে লাল্টু ও সৌম্যজিত দাস ওরফে রনি অতর্কিতে হামলা চালায় সুশোভনের ওপর। তাঁদের দাবি, তাঁরা সুশোভনের থেকে টাকা পেতো। দুই ভাইয়ের মারে অচৈতন্য হয়ে যায় সুশোভন। তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়। রাতে বাড়িতে ফের অসুস্থ হয়ে পড়েন। পরদিন সকালে ১০ আগস্ট জেএনএম হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। কিন্তু অবস্থার অবনতি হওয়াতে স্থানান্তরিত করা হয় কলকাতার এনআরএস হাসপাতালে। সেখান থেকে আইসিইউ-তে নেওয়ার কথা হলেও, তার আগেই সুশোভন শেষনিশ্বাস ত্যাগ করে বলে জানান মৃতের দাদা প্রখ্যাত ফুটবলার সুমন দত্ত।
১১ আগস্ট ময়নাতদন্তের কথা থাকলেও তা সম্ভব হয়নি কিছু কাগজপত্রের অভাবে। অবশেষে বৃহস্পতিবার ময়নাতদন্তের পর কলকাতা থেকে সুশোভন এর মরদেহ নিয়ে গয়েশপুরে বাড়িতে আসেন তার পরিবারের সদস্যরা।
রাত ১০’টার পরে কলকাতা থেকে কল্যাণী বিধানসভার অন্তর্গত গয়েশপুরে নিজের বাড়িতে আনা হয় বছর ৩৬ সুশোভন দত্তের মৃতদেহ। কান্নায় ভেঙে পড়ল তার পরিবার পরিজন। শোকের ছায়া এলাকাজুড়ে। পিটিয়ে খুনের অভিযোগ ওঠায় মৃতদেহ নিয়ে আসার পর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকেই মোতায়েন ছিল কল্যাণী থানার পুলিশ।

ছবি: অভিযুক্ত দুই ভাই।
ইতিমধ্যে কল্যাণী থানার পুলিশ অভিযুক্ত দুই ভাই লাল্টু ও রনিকে গ্রেপ্তার করেছে।

