রাজেন রায়, কলকাতা, ১৩ ডিসেম্বর: স্যোশাল মিডিয়া হয়ে উঠেছে হাসি, ঠাট্টা, সুখ-দুঃখ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার অন্যতম একটি মাধ্যম। আর সেই ফেসবুকে সামান্য হাসির ইমোজি দেওয়াই যে কাল হয়ে দাঁড়াতে পারে কারও জীবনে, তা বেলঘরিয়া থানা এলাকার ঘটনা থেকেই স্পষ্ট। সোশ্যাল সাইটে পাশের এলাকার এক যুবকের ছবিতে ইমোজি দিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক নৈশপ্রহরী। আবার সেই মারধরের ভিডিও ভাইরাল হয় ফেসবুকে।
অভিযোগ, গত ৯ তারিখ রাতে বেলঘরিয়া থানার অন্তর্গত কামারহাটি গলিঘাট এলাকার বাসিন্দা বছর ২১-এর ওমপ্রকাশ ঠাকুর নামে এক যুবক ফেসবুকে- এ জাইন্ত সিং নামে এক যুবকের ছবিতে হাসির ইমোজি দেয়। অভিযোগ, এরপরই রাতে ওই যুবক যখন নৈশপ্রহরীর কাজে যাচ্ছিল, সেই সময় আড়িয়াদহ পাঠবাড়ি লাইন এলাকায় জাইন্ত সিংয়ের দলবল তাঁকে রাস্তায় ফেলে মারধর করে।
এরপর আক্রান্ত যুবককে আশঙ্কাজনক অবস্থায় কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলছে তাঁর। অভিযোগ, বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয় ওই যুবককে। বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে দুষ্কৃতীরা পলাতক। পুলিশ খোঁজ চালাচ্ছে পলাতকদের। স্যোশাল মিডিয়ায় সাময়িক আনন্দের জেরে এমন পরিণতির সম্মুখীন হবেন, হয়ত কল্পনাও করেননি ওমপ্রকাশ ঠাকুর।

