আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ নভেম্বর:
স্বল্প সুদে লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল উত্তর চব্বিশ পরগনার বনগাঁর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম অসীম মন্ডল। সে গাইঘাটা থানার চাঁদপাড়া ছেকাটি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বনগাঁর মালতি দাস নামে এক গৃহবধূকে লোন পাইয়ে দেওয়ার নাম করে অসীম তার কাছ থেকে বিভিন্ন নথিপত্র নিয়েছিল। যদিও সেই লোন তিনি পাননি। কিন্তু পরবর্তীতে মালতি দেবী জানতে পারেন, তার নামে ৩৪ হাজার টাকার মোবাইল ফোন ফাইন্যান্সে নেওয়া হয়েছে। এই মর্মে বনগাঁর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে গতকাল অসীমকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে ১৪ দিনের পুলিশি হেফাযত চেয়ে আজ বনগাঁ মহকুমা আদালতের তোলা হলে বিচারক তাকে ১২ দিনের পুলিশ হেপাজত মঞ্জুর করেন।

