স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৬ ডিসেম্বর: বাড়িতে ঢুকে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে খুনের চেষ্টা এক যুবকের। শনিবার রাতে এমনই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ১নম্বর ওয়ার্ডের কাশিবাটি এলাকায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আহত ওই পুলিশকর্মী। আহত পুলিশ কর্মীর নাম মনোরঞ্জন দাস।
জানাগেছে, রাতে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করে প্রতিবেশী প্রশান্ত দাস নামে এক যুবক, বলে অভিযোগ। তাকে বাধা দিতে গেলে গুরুতর আহত হন ওই ব্যক্তি। রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত প্রশান্ত দাস নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

