রায়গঞ্জে কুলিক ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে গেল এক যুবক

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ আগস্ট: কুলিক ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে গেল এক যুবক। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কুলিক ব্রিজের উপরে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী এদিন দুপুর দুটো নাগাদ নদীতে স্নান করছিলেন কয়েকজন। সেই সময় তারা লক্ষ্য করেন এক যুবক আমচকা ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দেয়৷ নিমেষে গভীর জলে তলিয়ে যায় ওই যুবক।

ঘটনা জানাজানি হতেই এলাকার লোকজনের ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। তলিয়ে যাওয়া যুবকের নাম পরিচয় কিছুই জানা যায়নি। যদিও প্রত্যক্ষদর্শী যুবক বিশাল রাজভর জানিয়েছেন তারা নদীতে স্নান করছিলেন। সেই সময়ই ব্রিজের ওপর থেকে এক যুবক নদীতে ঝাঁপ দেয়। জলের তোড়ে কিছুটা ভেসে এগিয়ে যাওয়ার পর আর তাকে দেখা যায়নি। সম্ভবত গভীর জলে তলিয়ে গেছে।

এদিকে নিখোঁজ যুবকের খোঁজে নদীতে তল্লাশি চালানোর কাজ শুরু করছে প্রশাসন। নিখোঁজ যুবক ওই আশপাশের এলাকার বাসিন্দা কি না তাও জানা যায়নি। উল্লেখ্য, বর্ষার মরসুমে নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে অনেকটাই। নদীর দুকূল ভরে গিয়েছে ইতিমধ্যেই। ফলে নিখোঁজ যুবককে খুঁজতে বেগ পেতে হতে পারে প্রশাসনকে। কারণ ব্রিজের কাছে নদীর গভীরতা অনেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *